নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা জামাই বাজার এলাকায় আবাসিক ভবনের তিনতলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক করে কমিটির অন্য সদস্যরা হলেন তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব ও মেন্টারিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী বোরহান উদ্দিন।
গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক (জিডিএম) গোলাম ফারুক।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ফতুল্লার পশ্চিম তল্লা জামাই বাজার এলাকায় তিনতলা ভবনের ফ্ল্যাটবাড়িতে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক শিশুসহ দুটি পরিবারের ১১ জন দগ্ধ হয়। তাদের মধ্যে মারাত্মক দগ্ধ শিশুসহ ছয়জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ওই ফ্ল্যাটের দুটি রুমের একদিকের দেয়াল ভেঙে পাশের দোতলা ভবনের ছাদে গিয়ে পড়ে। ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটের দরজা-জানালা ভেঙে যায়। এছাড়া পাশের দোতলা ভবনের দরজা-জানালা ও দেয়ালে ফাটল দেখা দেয়।










