ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপে একটি পণ্যবাহী বিদেশী বার্জ ভেসে এসেছে। গতকাল দুপুরে বার্জটি ভেসে আসে। দ্বীপের বাসিন্দারা জানান, বার্জটিতে অনেক কনটেইনার ও অন্য মালপত্র রয়েছে। তবে সেটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। একই সঙ্গে ঘাটে নোঙর করা ১৩টি ফিশিং ট্রলার ডুবে গিয়েছে।

সেন্ট মার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, একটি বড় বার্জ ছেঁড়াদ্বীপে ভেসে এসেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। এছাড়া সকাল থেকে প্রচণ্ড ঝড়ো বাতাসে অনেক গাছপালা পড়ে গিয়েছে এবং ঘরবাড়ির টিন ও চাল উড়ে গিয়েছে।

স্থানীয় বাসিন্দা সাবেক মেম্বার হাবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপের চারপাশের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বেড়েছে। এলাকার কিছু কিছু জায়গায় পানি ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ডুবে গিয়েছে ঘাটে নোঙর করা ১৩টি ফিশিং ট্রলার। এর মধ্যে মানুষ পারাপারের একটি বোটও রয়েছে।