রাজধানী ঢাকার পরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। সেই সঙ্গে গেল ২৪ ঘণ্টায় জেলায় আরো ৩৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত শনাক্ত হলেন এক হাজার ১৫৬ জন।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশন এলাকায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৬২৭ জন, সদর উপজেলায় ৩৬৬ জন,বন্দর উপজেলায় ২৬ জন, আড়াইহাজারে ২৮ জন, সোনারগাঁয়ে ৩৩ জন ও রূপগঞ্জে ১৬ জন। এরই মধ্যে সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৩৭ জন, সদরে ১১ জন, বন্দরে ১ জন, রূপগঞ্জে ১ জন ও সোনারগাঁওয়ে ২ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৮ জন।
এদিকে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে প্রায় সাড়ে তিনশ গার্মেন্টস কারখানা চালু করা হয়েছে। এজন্য শহরে জন সমাগম বেড়েই চলছে। আইনশৃংখলা বাহিনীর টহল সীমিত হওয়ায় নগরীতে লোকসমাগম বেড়েছে কয়েকগুণ। ব্যক্তিগত যানববাহন প্রাইভেটকার, মাইক্রোবাস, তিনচাকার যানবাহনও বেড়েছে। অনেক মার্কেটে দোকান পাঠ খুলেছে। আবার অনেক মার্কেট খোলার জন্য দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন।









