নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ নগরীতে কারফিউ জারির অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী। গতকাল বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্বে নভেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনায় প্রাণহানির কারণে কয়েকটি এলাকা প্রশাসনের সহযোগিতায় লকডাউন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় আদমজী ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারি শিল্পপ্রতিষ্ঠান ও নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে। এসব কারণে নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ঘনবসতিপূর্ণ এ নগরীতে নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি।
মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক ও সার্বিক অবস্থা বিবেচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী জরুরি ভিত্তিতে সিটি এলাকায় লকডাউন বা কারফিউ জারি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।









