নারায়ণগঞ্জে নতুন পানির পাম্প স্থাপন দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ‘অবিচল রাজবাড়ী’ নামের একটি  সামাজিক সংগঠনের ব্যানারে বন্দর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।

স্থানীয় ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাট্যসংগঠক ইউসুফ আতিক মানিক, আশরাফ হোসেন, নূর আলম, আশিকুজ্জামান দুর্লভ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের বড় অংশে ও ২১ নংওয়ার্ডের একটি অংশে পানির সংকট দীর্ঘদিনের। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থাপিত পাম্পটি অত্যন্ত পুরনো, পানি সরবরাহের জন্য উপযুক্ত নয়। তাছাড়া সরবরাহ ক্ষমতার বাইরে সংযোগ দেয়ায় শুরু থেকেই পানির সংকট বিদ্যমান ছিল যা এখন চরম পর্যায়ে। এলাকার মানুষ দীর্ঘদিন স্থানীয় কাউন্সিলর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বরাবর নতুন পাম্প প্রতিস্থাপনের দাবি জানিয়ে আসছিল, কিন্তু সিটি করপোরেশন থেকে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ না নেয়ায় এলাকায় বসবাসকারী প্রায় ৪০ হাজার মানুষের দুর্ভোগ এখন চরমে। খাবার পানি নেই, রান্না গোসল, টয়লেট এমনকি নামাজ আদায় করার জন্য মসজিদে অজুর পানিও নেই। দ্রুত এ সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি পূরণে ওয়াসাকে বাধ্য করা হবে বলে তারা ঘোষণা দেন।

এ ব্যাপারে ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহমদ জানান, পাম্পটি বেশ পুরনো। তাই এ পাম্প দিয়ে এখন আর চলছে না। আগে এলাকার জনসংখ্যা কম ছিল, পুকুর, ডোবা ও খাল ছিল। এখন সেসব না থাকায় ওয়াসার পানির ওপর চাপ বেশি। সম্প্রতি তাপপ্রবাহের কারণে পানির স্তর নিচে নেমে গেছে। এর আগে পাম্পটি সংস্কারে সিটি করপোরেশন টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সে কাজ করতে গেলে ১০-১৫ দিন পাম্প সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। তাই সে টাকা ফেরত গেছে। এখন এ পাম্প সচল রেখে আরেকটি কূপ খনন করে পাম্প স্থাপনে ওয়াসা পরিকল্পনা করেছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন ওয়াসার নারায়ণগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মাসুদ পারভেজ জানান, এর আগে এলাকাবাসী ও স্থানীয় কাউন্সিলর এসে সমস্যা জানিয়ে গেছেন। সমস্যা সমাধানে সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন প্রকল্প নেয়া হচ্ছে। সাম্প্রতিক তাপপ্রবাহের জন্য পানির স্তর নিচে নেমে যাওয়ায় সমস্যা প্রকট হয়েছে।