নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয় তলাবিশিষ্ট বাড়ির ষষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লা থানার মাসদাইর পতেংগার মোড় এলাকায় নাসরিন আক্তারের মালিকানাধীন হাজি ভিলার ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গার্মেন্টস শ্রমিক মিশাল (২৬), তার স্ত্রী মিতা (২৩), তাদের দেড় বছর বয়সের শিশু সন্তান মিনহাজ, মিশালের দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মাহফুজ (২০) ও সজীব (১৪) এবং সাব্বির (১৫)।
এক মাস আগে পরিবারটি ষষ্ঠ তলায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এ বাড়িতে বসবাস করে আসছেন।
স্বজনরা জানান, গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যাটের বিভিন্ন রুমে তা জমাট বেঁধে থাকে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানোর উদ্দেশ্যে আগুন জ্বালালে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায় এবং অন্য রুমে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের চিত্কারে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা এসে আগুন নেভানোসহ দগ্ধদের ঢাকা মেডিকেলে পাঠায়।
নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাব পুড়ে যায়। এ ঘটনায় তদন্ত চলছে এবং দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।










