খুলনায় ইয়াসিন শেখ (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে উপজেলার চন্দনীমহল গাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন উপজেলার চন্দনীমহল উত্তর মোল্লাপাড়া গ্রামের নিজাম শেখের ছেলে।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে চন্দনীমহল গাজীপাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে ইয়াসিন শেখকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির পরিবারের দাবি, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালিয়েছে প্রতিপক্ষ। ইয়াসিন সেনহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ মোল্লার চাচাতো ভাই এবং ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারহানা হালিমের সমর্থক।