জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগীকল্যাণ সমিতির উদ্যোগে জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদান দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, দেশে হৃদরোগ মোকাবেলায় স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, ধূমপান ত্যাগ, লবণ ও চর্বিযুক্ত খাবার কমানো এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। নারী ও শিশু হৃদরোগীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, গত এক বছরে জটিল রোগীদের চিকিৎসা সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা দেয়া হয়েছে এবং আগামী বাজেটে বিভিন্ন জটিল রোগ ও প্রতিরোধমূলক কার্যক্রমে ৬০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, অর্থাভাবে যেন কারো চিকিৎসা বন্ধ না হয় সে লক্ষ্যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাত পুনর্গঠনে কাজ করছে। হৃদরোগ চিকিৎসাকে আরো আধুনিক ও সহজলভ্য করার পাশাপাশি প্রতিরোধমূলক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে।

তিনি জানান, সারা দেশে স্বাস্থ্য শিক্ষা, নিয়মিত স্ক্রিনিং ক্যাম্প, তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে হৃদরোগ প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও আর্থিক সহায়তা কার্যক্রমও সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ১০০ জন জন্মগত হৃদরোগীর হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, মন্ত্রণালয়ের কর্মকর্তা, চিকিৎসক, রোগী ও স্বজনরা ছিলেন।