নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৈকুলি এলাকায় স্ত্রী জান্নাতুল ফেরদৌস জ্যোতি (২৩) হত্যা মামলার একমাত্র স্বামী মো. আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেলকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বিকালে র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে র‍্যাব-১১ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে ফেনী থেকে  গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত রাসেলের সঙ্গে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জ্যোতির পারিবারিক কলহ ছিল। রাসেল তার স্ত্রীকে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। এরই ধারাবাহিকতায় রাসেল গত ৩ নভেম্বর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাসেল আত্মগোপন করেন। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দল রাসেলকে গ্রেফতারে গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। পরে তাকে ফেনীর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে রূপগঞ্জ থানার ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।