ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।’

ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে কোনো প্রার্থী দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আসনে নির্বাচন করার জন্য বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

এর আগে গত ৯ নভেম্বর নিজের ভোটার এলাকা কুমিল্লা থেকে ঢাকায় স্থানান্তর করতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেদিন তিনি বলেছিলেন, ঢাকার কোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার লড়াই করার ইচ্ছা রয়েছে।

আসিফ মাহমুদ বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই।’