দ্রব্যমূল্য যারা নিয়ন্ত্রণ করছে এসব সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করতে হবে। সিন্ডিকেটের কারণে বাজারে দ্রব্যমূল্য দিন দিন অস্থিতিশীল হয়ে পড়ছে। সিন্ডিকেটগুলোর উৎস চিহ্নিত করে প্রয়োজনে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে হবে। টাস্কফোর্স বা ভোক্তা অধিকার কয়টা অভিযান পরিচালনা করেছে বা কী পরিমাণ কাজ করেছেন সে বিষয়ে আমি কিছুই পাইনি। বাণিজ্য সচিব তিনদিনের টাস্কফোর্সের প্রতিবেদন পাঠিয়েছিলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রামের কর্মকর্তাদের সদিচ্ছার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, প্রশাসনে অসহযোগিতার কারণে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে পারে। যদি সিস্টেম ভাঙার প্রয়োজন পড়ে, আমরা সিস্টেম ভাঙব। প্রয়োজনে নতুন লোক নিয়োগ দেয়া হবে। জনগণ সম্পৃক্ত বিষয়ে কোনো ছাড় নেই। দেশের ৪০-৪৫টা জেলার মধ্যে টাস্কফোর্সের অভিযান করেছে কিন্তু চট্টগ্রামে তিনদিনের মধ্যে দুদিনই কোনো অভিযান হয়নি। আপনাদের অসহযোগিতার কারণে যে স্থবিরতা আছে এটার জন্য গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আমাদের সর্বশেষ কেবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে।

এর আগে সকালে চট্টগ্রামের দুটি স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়ামের প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখেন। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) স্টেডিয়াম সংস্কার কাজ শুরু করতে বলেন। এমনকি বিপিএলের আগেই সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন তিনি।