জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। গতকাল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাকস্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের স্বৈরশাসনামলে রাজনৈতিক নিপীড়ন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার বিবরণ তুলে ধরে তিনি বলেন, ‘মূলত পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।’
তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের নামে প্রহসনের দৃশ্য তুলে ধরেন। জাপানের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনকে ‘মধ্য রাতের নির্বাচন’ বলে যে মন্তব্য করেছিলেন, তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
এ সময় জামায়াত আমির বিচারের নামে জামায়াতে ইসলামীর নেতাদের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে হত্যা করার বর্ণনা দেন এবং পতিত ফ্যাসিবাদ আমলের জেল, জুলুম-নির্যাতন, অপহরণ ও গুম-খুনের একটি চিত্র তুলে ধরেন। স্বৈরশাসনামলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করেন।










