নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতাগ্রহণের পর থেকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার ব্যাপক সন্দেহ-সংশয় তৈরি করে কয়েকটি রাজনৈতিক দল। সব সন্দেহ, আশঙ্কা, মতভেদ, মতপার্থক্য ও রাজনৈতিক বিভাজনের বাধা পেরিয়ে আজ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় সরকারকে তার ওয়াদা রক্ষার জন্য ধন্যবাদ।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তফসিল ঘোষণা হলেও দেশে নির্বাচনের এখনো কোনো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি। সারা দেশে রাজনৈতিক সহিংসতা, মনোনয়ন নিয়ে সংঘর্ষ ও রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। কিছু এলাকায় এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের প্রচার-প্রচারণায় হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সরকার কার্যকর কোনো পদক্ষেপও নেয়নি। এ অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এবি পার্টি আশা করে, সরকার নির্বাচনী কার্যক্রমের শুরুতেই অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। সেটা আদৌ নির্বাচন কমিশন করতে পারবে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে এ নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি ও গণতান্ত্রিক পরিবেশকে ভূলুণ্ঠিত করবে বলেও মন্তব্য করেন তারা।










