বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, নির্বাহী পরিচালক সরওয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের চলমান সংস্কার, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে চলমান সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এছাড়া কয়েকটি ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম সম্পর্কেও মতবিনিময় করা হয় এবং অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সক্ষমতা উন্নয়নে কারিগরি সহায়তা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়।
উভয় পক্ষ অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক খাতের আধুনিকায়ন, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
এ সময় অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামের আওতায় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত অবদান এবং দুদেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে তাদের ভূমিকার বিষয়টিও উল্লেখ করা হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।










