ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল শপথ নিয়েছেন ফারুক-ই-আজম। এ নিয়ে তিন ধাপে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন।
গতকাল দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফারুক-ই-আজমকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। শপথ নেয়ার পর তিনি উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন। এ সময় কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপ্রধান গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাসহ ১৪ জনকে শপথ বাক্য পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য তিনজন উপদেষ্টা শপথ নিতে পারেননি।










