সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন বড়শালার নয়াবাজারের দুই শতাধিক স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। আগের দেয়া নোটিস অনুযায়ী গতকাল সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় দুই শতাধিক দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, স্বাধীনতার প্রায় দুই বছর পর থেকে বড়শালা নয়াবাজার চালু হয়েছে। বাজারে দুই শতাধিক দোকান রয়েছে। বাজারের কাঁচাবাজারের যে অংশ, সেটি সদর উপজেলা প্রশাসন থেকে প্রতি বছর লিজ দেয়া হয়। বাজারের বাকি অংশের মালিকানা প্রতিরক্ষা বিভাগের। ব্যবসায়ীরা সেখান থেকে ইজারা নিয়ে বাজার পরিচালনা করতেন।
সম্প্রতি বাজারের ওই জায়গার নিয়ন্ত্রণভার প্রতিরক্ষা বিভাগ থেকে পায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এরপর জায়গা ওসমানী বিমানবন্দরের আওতায় নিতে বাজারে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেন তারা। বিষয়টি বাজারের ব্যবসায়ী সমিতিকে জানানো হয়েছে। ব্যবসায়ীরা নিজেদের মালপত্র সরিয়ে নিতে এবং বকেয়া টাকা তোলার সুযোগ পেতে কিছুটা সময় চেয়েছিলেন। গত বৃহস্পতিবার বাজারে তারা সমাবেশও করেন। তবে সেই সুযোগ পাননি ব্যবসায়ীরা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, প্রতিরক্ষা বিভাগ থেকে সিভিল এভিয়েশন এ জায়গা পেয়েছে। তাই নিজেদের সম্পত্তি রক্ষায় নয়াবাজার এলাকায় পূর্বনোটিস অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এছাড়া এ জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।










