জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু বিচক্ষণতা, যোগ্যতা, দক্ষতা দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা উপহার দিয়েছেন। তার সুদৃঢ় নেতৃত্বেই এদেশের মানুষ একতাবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু ছিলেন উচ্চ মানবিকতা গুণসম্পন্ন মানুষ। গতকাল বিকালে রায়পুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্যাহ প্রমুখ।