কক্সবাজারের সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া তিন নারীসহ ১৫ পর্যটককে উদ্ধার করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়। গতকাল বিকালে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সেন্ট মার্টিন স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাদ মোহাম্মদ তাইম।

এর আগে বিকল নৌযান থেকে মো. আব্দুল্লাহ নামে এক পর্যটক ৯৯৯-এ ফোন করে উদ্ধার সহায়তা চান। এর পর পরই সেন্ট মার্টিন কোস্ট গার্ড সদস্যরা তাদের উদ্ধার করতে সক্ষম হন।

লেফটেন্যান্ট কমান্ডার সাদ মোহাম্মদ তাইম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে একদল পর্যটক সেন্ট মার্টিন থেকে একটি ইঞ্জিনচালিত নৌযানে ছেঁড়া দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরের একটি স্থানে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌযানের মাঝি প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। এ অবস্থায় সাগরে বিকল নৌযানে অবস্থিত পর্যটকরা ভীত ও শঙ্কিত হয়ে পড়েন। পর্যটকরা ৯৯৯-এ ফোন করে উদ্ধার সহায়তা চান। এরপর অবস্থান চিহ্নিত করে টহলরত কোস্ট গার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে দ্বীপে নিয়ে আসেন।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরো বলেন, ‘এ পর্যটকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।’