নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ দুইতলা ভবনটি ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, রাজউক, তিতাস ও ডিপিডিসির সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল গতকাল শতবর্ষী ভবনটি পরিদর্শন শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহীদুল ইসলাম জানান, অর্ধশত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিও ছিল। এটি ভেঙে ফেলার জন্য কয়েক দফা চিঠি দেয়া হয়েছিল। কিন্তু ভবন মালিক তা আমলে নেননি।
এবারের নির্বাহী এ নির্দেশনার বিষয়ে ভবন মালিককে চিঠি দেয়াসহ ভবনটিতে নোটিস টানিয়ে দেয়া হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস জানান, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে না পারলে এ ধরনের প্রাণনাশী দুর্ঘটনা রোধ সম্ভব নয়। তাই বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান করে বের করতে হবে। এটাকি ঝুঁকিপূর্ণ ভবনের কারণে হয়েছে নাকি তিতাসের গ্যাস জমে হয়েছে সেটিও নিশ্চিত করতে হবে।
শহরের নিতাইগঞ্জে গত ১৮ মার্চ সকাল ৯টায় দুইতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ও আগুনের ঘটনায় একজন নিহত এবং নয়জন আহত হন। বিস্ফোরণে ভবনের দুইতলার বারান্দার রেলিংসহ তিনটি দোকানের ছাদ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আগুনে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ খাদ্যসামগ্রীর আটটি দোকান ও গুদামের মালপত্র ক্ষতিগ্রস্ত হয়।









