গ্রেফতারের কয়েক ঘণ্টা পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর জামিন মঞ্জুর করেছেন আদালত। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় আজ সকালে তাকে গ্রেফতার করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ওই মামলায় সাজেদুলের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শ্রম আদালত-১-এর চেয়ারম্যান মো. গোলাম আজম এ আদেশ দেন।
আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সে পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছিল।










