আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং অবিলম্বে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া না হলে আগামী মঙ্গলবার ঢাকায় জনসমুদ্র হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি ইসলামী দল।
এসব দলের নেতারা বলেছেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার না করে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। তাই আগে গণভোট দিতে হবে। তার আগে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে।
আজ দুপুরে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধার পর রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে ৮ দলের নেতারা এমন হুঁশিয়ারি দেন। এসময় দলগুলোর পক্ষে ৯ সদস্যের প্রতিনিধিদল যমুনায় স্মারকলিপি দিতে যান।
ইসলামী দলগুলোর নেতারা আরো বলেন, আমরা আশা করি, আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হবে এবং গণভোটের তারিখ ঘোষণা করা হবে। যদি তা না করা হয় আগামী ১১ নভেম্বর ঢাকায় জনতার মহাসমুদ্র সৃষ্টি হবে।
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠিত সহ ৫ দফা দাবিতে আন্দোলন করছে ইসলামী দলগুলো। পাঁচ দফা দাবি হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ইসলামী আটটি দলের মধ্যে রয়েছে—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।









