মালয়েশিয়া থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার সময় যাত্রাপথে থাইল্যান্ডের উপকূলে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশী নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে থাইল্যান্ডের ফুকেট উপকূলের অদূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম দ্য ফুকেট নিউজ জানায়, দুর্ঘটনার পর কাছাকাছি অবস্থানরত একটি মাছ ধরার নৌযান ও থাই নেভির একটি দল নাবিকদের উদ্ধার করে।
স্থানীয় এজেন্ট ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া জাহাজটির নাম 'এমভি সিলয়েড আর্ক'। ১১৫ মিটার দীর্ঘ জাহাজটিতে বাংলাদেশী আমদানিকারকদের মোট ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল। এসব কনটেইনারের মধ্যে ১৪টিতে বিপজ্জনক পণ্য রয়েছে বলে জানা গেছে।
জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রার দুই দিনের মধ্যেই থাই উপকূলের কাছে এটি কাত হয়ে ডুবে যায়।
জাহাজটির বাংলাদেশের স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশের ব্যবস্থাপক মো. মুকুল হোসেন বণিক বার্তাকে বলেন, ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি হঠাৎ কাত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন।
তিনি জানান, উদ্ধার হওয়া নাবিকদের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে। তাদের সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। দুর্ঘটনার পর জাহাজে থাকা কনটেইনার ও পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিপজ্জনক পণ্যগুলোর নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ ঘটনায় বাংলাদেশগামী পণ্যের সরবরাহে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখছে আমদানিকারক ও শিপিং সংশ্লিষ্টরা। একই সঙ্গে জাহাজডুবির কারণ অনুসন্ধানে থাই কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।









