চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আগামীকাল শুরু হচ্ছে ‘দ্য টেনথ চায়না-সাউথ এশিয়া এক্সপো অ্যান্ড দ্য থার্টিথ চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার-২০২৬’। দক্ষিণ-পশ্চিম চীনের বৃহৎ এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। এতে দেশের ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশ নেবেন।
আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সংস্থাটির ব্যবস্থাপনায় এবং কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এ অংশগ্রহণের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ জুন পর্যন্ত চলা এ মেলা কুনমিংয়ের ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের ৬৮টি দেশ থেকে প্রায় ২ হাজার ৩০০ প্রদর্শক এতে অংশ নেবেন।
ইপিবি জানায়, থিম কান্ট্রি হিসেবে এবারের আয়োজনে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পাচ্ছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি মূল মেলার কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিন পালন করা হবে ‘বাংলাদেশ ডে’।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া ইউনান প্রদেশের গভর্নরসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
বাংলাদেশ প্যাভিলিয়নে টেক্সটাইল, তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, হস্তশিল্প, পাটজাত পণ্য ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্ভাব্য ক্রেতা, আমদানিকারক, পরিবেশক, বিপণনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবে। পাশাপাশি বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবে।
ইপিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উৎপাদক, রফতানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো চীনের বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে পারবে। একইসঙ্গে বাংলাদেশী পণ্যের রফতানি সম্প্রসারণ এবং নতুন বাজার ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টির ক্ষেত্রেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।










