আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পরই রাত থেকেই দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেন মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা। গতকালও রেল ও সড়ক অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ অবস্থায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি।
এর আগে কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর অনুসারীরা। সোমবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় ২ ঘণ্টা অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, বিএনপি ঘোষিত প্রার্থী কামাল জামানকে পরিবর্তন করে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দিতে হবে। কামাল জামান শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।
এ বিষয়ে সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকী বলেন, ‘যারা জয় বাংলা বলে এখনো, যাদের চৌদ্দ পুরুষের কেউ কোনো দিন বিএনপি করেনি, তাদের মনোনয়ন দেয় বিএনপি। ৫ আগস্টের আগে কোনো দিন শিবচরে তারা আসেনি।’
তবে ঘোষণার এক দিন পরই অনিবার্য কারণ দেখিয়ে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। গতকাল বিকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়।
অন্যদিকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। প্রার্থী হিসেবে তার ঘোষণায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর কর্মী-সমর্থকরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। অবশ্য এ ঘটনায় সীতাকুণ্ড উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে মেহেরপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা-পাল্টাহামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় জেলার গাংনী উপজেলা শহর। গতকাল দুপুরে দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আমজাদ হোসেন ও জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ভাংচুর করা হয় অন্তত ২০টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান।
ঘটনার শুরুতে পুলিশের একটি পিকআপ ও পরে সেনাবাহিনীর কয়েকটি টহল গাড়ি এলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবারো হামলা-পাল্টাহামলা শুরু হলে পুলিশের কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি বানী ইসরাইল।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে গতকাল অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী-সমর্থকরা। নলতা হাসপাতাল মোড়ে বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল।
কক্সবাজার-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। কিন্তু ঘোষিত প্রার্থী তালিকায় নাম না থাকায় বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি প্রতিবাদের অনন্য রূপ হিসেবে সড়কের পাশে কলাগাছ রোপণ করেছেন তারা। সোমবার রাত ২টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার পুরাতন বাজার, হোয়াইক্যং মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী তালিকায় নাম রয়েছে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের। এর প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করেন মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এ সময় তারা গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে রাখেন। এতে নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ১০টার দিকে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা তায়েবুর রহমান হিরণের কর্মী সমর্থকরা রেলপথ অবরোধ করেন। এতে অন্যান্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ থেকে বিক্ষোভকারীরা সরে গেলে হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’
এছাড়া টাঙ্গাইল-৩ আসনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা। গতকাল দুপুরে টায়ারে আগুন জ্বালিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আসনটিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
চাঁদপুর-৪ আসনে মনোনয়ন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ আসনে দলের কেন্দ্রীয় ব্যাং কিং ও রাজস্ববিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সম্ভাব্য প্রার্থী ঘোষণার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমএ হান্নানকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করেন তার সমর্থকরা। দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে এমএ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন।









