সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁক দেয়ার নামে ওঝা-কবিরাজদের অপচিকিৎসা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘যুব ফেডারেশন’ নামে একটি সংগঠন। এ সময় বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাছিমা সিদ্দীকী বুলবুলি, কবি চাঁদ অনির্বাণ, যুব ফেডারেশনের আহ্বায়ক এসএম রবি, হামদহ কালী মন্দিরের সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক স্বদেশ কুমার কুণ্ডু, যুবনেতা ও সমাজসেবক মাজহারুল ইসলাম রাজা, শ্রমিক লীগ নেতা আহম্মদ মুন্সী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁকের নামে ওঝারা অপচিকিৎসা দিচ্ছে। তাদের কারণে প্রতি বছর দেশে শত শত মানুষ মারা যায়। চলতি বছর ঝিনাইদহে ২০ জন সাপের কামড়ে মারা গেছে। এর মধ্যে বেশির ভাগ রোগীকেই ওঝারা ঝাড়ফুঁক দিয়েছে। অপচিকিৎসার ফলে সাপে কাটা রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় এসব রোগীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেশ থেকে এসব অপচিকিৎসা বন্ধের জন্য ওঝাদের তালিকা করে গ্রেফতারের দাবি জানান তারা। শেষে এর বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে পথনাটিকা অনুষ্ঠিত হয়।