নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের ছাত্র রাকিবুল ইসলাম রিয়ন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সলিমউদ্দিন চৌধুরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনতা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলিউল্লাহ মীর। সভায় বক্তব্য রাখেন জনতা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান আফজল, নিগার সুলতানা, স্থানীয় মহিলা লীগ নেত্রী পারভীন আক্তার, শিক্ষক নূর মোহাম্মদ, কলেজছাত্র ফাহিম বাদশা, তুহিন, তানভীর মোল্লা, রাসেল মোল্লা, রাকিব মোল্লা, রিয়নের দাদা মো. শাহজাহান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ মার্চ কুপিয়ে হত্যা করা হয় রিয়নকে। এ ঘটনায় রিয়নের মা জোসনা বেগম ১৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।