নারায়ণগঞ্জে শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হকাররা। এসময় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছে ১০ জন। হকাররা সড়কে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্থানে কাপড় ও কাঠে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে এবং দুটি গণপরিবহনসহ চারটি যানবাহন ভাংচুর করে। এতে ওই সড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে সড়কের আগুন নেভালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুর রহমান আসাদকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে হকাররা বিক্ষোভ মিছিল বের করে। এসময় হকারদের মিছিলটি সোনালী ব্যাংক হয়ে কালীর বাজারের দিকে যাওয়ার সময় পানোরামা প্লাজার সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে হকারদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় হকার্স সংগ্রাম পরিষদের আহবায়ক আসাদুর রহমান আসাদকে আটক করে পুলিশ। 

এসময় হকাররা বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গীর্জার সামনে সড়ক, শায়েন্তখান সড়কের মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ সংখ্যায় কম থাকায় তারা দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। বিক্ষুব্ধ হকাররা দুটি বাসসহ চারটি যানবাহন ভাংচুর করে। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে সড়কের আগুন নেভায়। পুলিশের ধাওয়া খেয়ে সন্ধ্যার দিকে হকাররা শহরের চাষাঢ়া ও মিশনপাড়া এলাকায় সড়কের পুরনো কাপড়ে ও কাঠে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন দেয়। 

হকার-পুলিশ সংঘর্ষের কারণে ওই সড়কে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। সংঘর্ষে পুলিশ ফটো সাংবাদিকসহ আহত হয়েছে ১০ জন।

এ বিষয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা আছে। সে লক্ষ্যে পুলিশ কাজ করছে। কিন্তু হকাররা আলোচনা সাপেক্ষে তাদের বিষয়টি সমাধান না করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন দেওয়াসহ সহিংসতার পথ বেছে নিয়েছে। হকাররা আমাদের সমাজের অংশ, আমরাও চাই তাদেরকে পুনর্বাসন করা হোক। কিন্তু তারা যেভাবে সহিংসতার পথ বেছে নিয়েছে এটা অযৌক্তিক। তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধরেছে, কোন ব্যবস্থা নেয়নি। যারা সড়কে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপে পুলিশ-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

হকার নেতাদের দাবি, পুলিশ বিনা উসকানিতে হকার্স নেতা আসাদুরকে আটক করেছে। তারা অবিলম্বে আসাদুরের মুক্তি দাবি জানান। পুনর্বাসনের আগে বিকেলে অথবা সন্ধ্যার পর তাদের বঙ্গবন্ধু সড়কে তাদের বসতে দেওয়া হোক। হকার্স মার্কেট ভেঙে বহুতল ভবন নির্মাণ করে দোকান বরাদ্দ দেওয়া হোক। এদিকে মিশনপাড়া রোডে পুলিশের সংর্ঘষ নিয়ন্ত্রণে দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, রাস্তায় আগুন জ্বালিয়ে এবং গাড়ি ভাংচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে গত রবিবার সন্ধ্যায় চাষাঢ়া বালুর মাঠ এলাকায় একই দাবিতে হকাররা সড়কে পুরনো কাপড়ে আগুন ধরিয়ে ও বিক্ষোভ করেছি।