নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসভবনে এসি বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে গায়ক এসএ শামীমের বাসভবনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কবি ও গায়ক এসএ শামীমের বাসভবনের ভেতর তার গানের স্টুডিও। গতকাল দুপুরে সেখানে গান ও ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলছিল। মার্ক ভিডিও রেকর্ডিং নামের ওই কক্ষে দুপুর ১টার দিকে হঠাৎ এসি বিস্ফোরিত হয়। এতে এসএ শামীম (৫৮), তার
ছেলে বাবন (২৮), বাবনের
বন্ধু মাহিন
(২৯) ও
নাতি রাজসহ (৫) পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গুরুতর আহত বাবন ও মাহিনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, এসি বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে দুজন বেশি দগ্ধ হয়েছেন।










