বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড
(বিজিএফসিএল) কর্তৃপক্ষ তাদের পরিচালিত পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে ২০২২-২৩ অর্থবছরে
১১৫৪ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। এর মধ্যে রয়েছে ১০৫৩ কোটি টাকার গ্যাস ও ১০১ কোটি
টাকার পেট্রোলিয়ামজাত দ্রব্য।
সদ্য বিদায়ী অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে
৯৩৫ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায়
ঢাকার একটি হোটেলে বিজিএফসিএলের ৬৮তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের
সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ
সরকার, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সুলতান ও পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ
ও শেয়ারহোল্ডাররা অংশ নেন এ সভায়।
বিজিএফসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, সংস্থার পাঁচটি গ্যাসক্ষেত্রে উৎপাদনরত ৩৯টি কূপ থেকে ২০২২-২৩ অর্থবছরে প্রতিদিন
গড়ে ৫৯৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও গ্যাসের উপজাত হিসেবে দৈনিক ৪০০ ব্যারেল কনডেনসেট উৎপাদন
হয়েছে।
আলোচ্য অর্থবছরে গ্যাস বিক্রি বাবদ
এক হাজার ৫৩ দশমিক ৬০ কোটি টাকা এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি বাবদ ১০১ দশমিক ৯০
কোটি টাকা আয় করেছে। বিদায়ী অর্থবছরে সরকারি কোষাগারে ৯৩৫ দশমিক ৩২ কোটি টাকা জমা দিয়েছে
বিজিএফসিএল।










