খুলনা বিভাগে নভেল করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। আবারো করোনায় মৃত্যুর রেকর্ড গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে সোমবার বিভাগে ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর মঙ্গলবার ১ হাজার ৮৬৫ জনের শনাক্তের রেকর্ড হয়েছিল। গতকাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।
রাশেদা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া কুষ্টিয়ায় ১১ জন, ঝিনাইদহে সাত, যশোরে ছয়, চুয়াডাঙ্গায় পাঁচ, নড়াইলে চার, বাগেরহাটে তিন, মেহেরপুরে দুই ও মাগুরায় একজন মারা গেছে।
তিনি আরো বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩২৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৮৪৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনাসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে খুলনায়। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫৮৫ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৬০ জনের। মারা গেছে ৩৪৮ জন ও সুস্থ হয়েছে ১১ হাজার ৯৪৩ জন।









