সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সায়দাবাদ বাসস্ট্যান্ডের কার্যক্রম সচল রাখতে রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলসের একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়েছে।

এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টে এসব মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।