ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন তিনি। গতকাল বিকালে তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ দাবির কথা জানান তিনি।

এর আগে তিন দফা দাবি নিয়ে সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। পরে গণমাধ্যমকর্মীদের ডাকসু ভিপি বলেন, ‘তিন দফা দাবি নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি। এ দাবি অবিলম্বে না মানা হলে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন

না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ

করতে হবে।’ এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিন দফা দাবি তুলে ধরেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দাবিগুলো হলো: ১. ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা এ হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অবিলম্বে দৃশ্যমান করতে হবে।

২. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

৩. ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের ফেরত না দেয়ার আগপর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।

এসব দাবি অবিলম্বে না মানা হলে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

শাহবাগ অবরোধ

এদিকে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে ছাত্রশক্তি। তবে বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজিত ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিকে সংহতি জানিয়ে শাহবাগের অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি জাহিদ আহসান। এরপর সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ ছেড়ে চলে যান।

এ সময় জাহিদ আহসান বলেন, ‘আমরা আজকের মতো ইনকিলাব মঞ্চের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে সংহতি জানিয়ে আমাদের কর্মসূচি শেষ করছি। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি স্থগিত রাখছি। পরশু বুধবার (১৭ ডিসেম্বর) পরিস্থিতি লক্ষ করে আমাদের কর্মসূচি কী হবে জানিয়ে দেব।’