পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য বাংলাদেশ পাট গবেষণা ইনসটিটিউটকে ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়। গত ৭ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ পাট গবেষণা ইনসটিটিউট (বিজেআরআই) এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার বলেন, এই অর্জনে বিজেআরআইয়ের জন্য গর্বের।
‘জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী প্রাতিষ্ঠানিক পর্যায়ে ‘পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন’ শ্রেণিতে স্থান পেয়েছে বিজেআরআই।
পুরস্কার হিসেবে বিজেআরআই পাবে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য, ৫০ হাজার টাকার চেক, একটি সম্মানসূচক ক্রেস্ট এবং সনদপত্র।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, দূষণ রোধ, গবেষণা এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে যারা/যেসব প্রতিষ্ঠান কাজ করে, তা মূল্যায়ন করতেই সরকার প্রতিবছর ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে এই সম্মানজনক পদক প্রদান করে থাকে।










