বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব, তার সঙ্গে কারো তুলনা চলে না।’
গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
ফখরুল ইসলাম বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী আজীবন সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন। তার হাতে গড়া বহু নেতা পরে রাষ্ট্রক্ষমতায় থেকেছেন। তবে মওলানার মৃত্যুর ৪৯ বছর পরও তার কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি।’
মওলানা ভাসানী নিজেই একটি প্রতিষ্ঠান। তার চিন্তা, দর্শন ও কর্মকাণ্ড সম্পূর্ণ স্বতন্ত্র। তার সঙ্গে অন্য কারো তুলনা চলে না উল্লেখ করে মওলানা ভাসানীকে যথাযোগ্য সম্মান দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করায় সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং নির্বাচনের প্রার্থী ওসমান হাদীর ওপর হামলার নিন্দা জানান। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।










