বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। গতকাল বিকালে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী রোববার তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে আর্থিক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

গত দুদিন জয়নুল বারী আইডিআরএ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন বলে গুঞ্জন চলছিল। গত ২০ আগস্ট একদল বিক্ষোভকারী আইডিআরএ কার্যালয়ে হামলা ও ভাংচুর করার পাশাপাশি রাত পর্যন্ত সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এর পর থেকেই তিনি কার্যালয়ে আসছিলেন না। 

গত বুধবার জয়নুল বারী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। সে সময় তিনি বণিক বার্তাকে জানিয়েছিলেন, আইডিআরএ চেয়ারম্যান পদে আর থাকবেন না। অবশেষে গতকাল বিকালে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল বণিক বার্তাকে বলেন, ‘আইডিআরএ চেয়ারম্যান আজ (বৃহস্পতিবার) বিকালে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আগামী রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। সেখানে সাবেক দুই সচিবের নামও রয়েছে।