নানা অনিয়মের অভিযোগ এনে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল দুপুরে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের বর্তমান সভাপতি ও সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম। এ সময় দাবি না মানলে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এর আগে শনিবার একই দাবিতে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পাঁচটি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, লক্ষ্মীপুরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অর্থের বিনিময়ে ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। এতে অন্য সভাপতি প্রার্থী মামুনুর রশিদের যোগসাজশে এ অনিয়ম করেন সদর উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের পরিদর্শক আবু ছিদ্দিক ও আলেয়া বেগম।
এ সময় তিনি বলেন, প্রত্যেক সমিতি থেকে একজন করে সদস্য হওয়ার কথা থাকলেও অর্থের বিনিময়ে একই সমিতি থেকে দুজন করে ভোটার করা হয়েছে। ১৫-২০ বছর ধরে নির্বাচন না হওয়া সমিতিগুলো কার্যকারিতা হারিয়েছে, কিন্তু সেই সমিতিগুলোকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাল স্বাক্ষর করে ২৯ জনকে ভুয়া সদস্য করে ভোটার করা হয়েছে। একটি বিশেষ মহলকে বেআইনিভাবে নির্বাচিত করতে বিআরডিবিতে কর্মরত পরিদর্শক আবু ছিদ্দিক ও আলেয়া বেগম টাকার বিনিময়ে এসব অনিয়ম করেছেন বলে অভিযোগ করেন তিনি। এসব অনিয়মের অভিযোগ এনে আজ অনুষ্ঠিতব্য সদর ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত করার দাবি জানান এবং পুনরায় ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। অন্যথায় ভোট বর্জনের হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে।
এ সময় উপস্থিত ছিলেন সমবায় সদস্য অহিদুজ্জামান কবির, আক্তার মিয়া প্রমুখ।
জানতে চাইলে অভিযুক্ত সদর উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের পরিদর্শক আলেয়া বেগম বলেন, ভোটার তালিকায় ভুলত্রুটি হতে পারে। তবে অনিয়মের প্রশ্নের জবাব নেই বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।









