ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ সোমবার মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনের সময় প্রশাসক এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে। এ খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব। নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিএনসিসি পাঁচ লাখ বৃক্ষ রোপন করবে। এরই ধারাবাহিকতায় আজ এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হলো।

তিনি নগরবাসীকে অনুরোধ করেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন। তবে ছাদ বাগান করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিস্থিতি যেন ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এজন্য ছাদের জমে থাকা প্রতিটি পাত্র কিংবা স্থানে জমে থাকা পানি ফেলে ছাদ বাগানকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে।

প্রশাসক নগরবাসীকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং ক্লিন ঢাকা গ্রীন ঢাকা গড়েতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন।

কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। এতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা ছিলেন ।