কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ২টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। তারা দুজনই পাহাড় কাটা শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে মৃত ওই দুজনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মাটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছিল। কয়েক দিন আগেও তিনি এখানে পাহাড় কাটা বন্ধে অভিযান চালিয়েছিলেন। কিন্তু অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কাটা অব্যাহত রেখেছিল। এরই পরিণাম দুই শ্রমিকের মৃত্যু। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।









