কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পের অন্তত তিন সহস্রাধিক ঘর পুড়ে গেছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা। এতে আহত হয়েছে শতাধিক। তবে স্থানীয়রা আগুনে পুড়ে দুই শিশুর মরদেহ দেখলেও প্রশাসনের দায়িত্বশীল কেউ এ তথ্য নিশ্চিত করেনি। গতকাল বেলা ৩টার দিকে ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) আতিকুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাতাসের গতি বেশি হওয়ায় আগুন বিভিন্ন ব্লকে দ্রুত ছড়িয়ে পড়ে।

রোহিঙ্গা নেতা মো. রফিক বলেন, ‘বিকালে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়, পাশাপাশি খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।’