ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট)। বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে। ড. ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। আজ বেলা ২টায় তার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। পরে রাত আটটায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে।

গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারে আর কারা থাকতে পারেন, এমন ১৫ জনের নামের একটি তালিকা করেছে। ড. ইউনূস দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।