মিয়ানমারের ছোড়া মর্টার শেল আবারো বাংলাদেশে এসে পড়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া খাল ও কোনারপাড়া গ্রামে গতকাল রাত ৮টার দিকে এসে পড়ে এ মর্টার শেল। এ ঘটনায় নিহত হয়েছেন নোম্যান্স ল্যান্ডে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী মো. ইকবাল (১৮)। এতে এক শিশুসহ আরো পাঁচ রোহিঙ্গা আহত হয়েছেন।
তুমব্রু বাজার এলাকার স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ওপারে শুক্রবার সন্ধ্যার পর থেকে ব্যাপক গোলাগুলি শুরু হয়। মুহুর্মুহু আওয়াজে পুরো তুমব্রু এলাকা কেঁপে ওঠে। একপর্যায়ে রাত ৮টার দিকে কোনারপাড়া খাল এলাকায় একটি মর্টার শেল এসে পড়লে তার আঘাতে রোহিঙ্গা তরুণ মো. ইকবাল ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইকবালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো তুমব্রু গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। এ বিষয়ে অবশ্য সীমান্তরক্ষী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী কৃষক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী জানান, বিকালে বিস্ফোরণের ঘটনায় আহত এক পাহাড়ি যুবককে হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছেন।










