কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল কক্সবাজার সিনিয়র স্পেশাল আদালতের বিচারক মো. ইসমাইল জামিন আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কক্সবাজারস্থ পিপি অ্যাডভোকেট আব্দুর রহিম।

জানা যায়, কক্সবাজারে সরকারি প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতির মামলায় বিজয় কুমার সিংহকে ১৫ মার্চ চট্টগ্রাম জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। এর আগে ২ মার্চ ওই মামলায় কক্সবাজারের আলোচিত ইদ্রিস সিআইপি ও অ্যাডভোকেট নুরুল হককে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, এর আগে গ্রেফতার হওয়া সালাহ উদ্দিন ও কমর উদ্দিন ১৬৪ ধারায় আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিজয় কুমার সিংহকে কমিশন দিতেন বলে জানিয়েছেন।