প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এই ভিডিও কনফারেন্স নিয়ে সিলেট বিভাগের তিন জেলার চা বাগানগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানিয়েছেন, লাক্কাতুরা গলফ ক্লাব মাঠকে অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে। এতে বিভিন্ন চা বাগান থেকে হাজারো শ্রমিক যোগ দেবেন। মহানগর পুলিশের পাশাপাশি চা শ্রমিক জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবকরাও সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।
অপরদিকে এ ভিডিও কনফারেন্সে মৌলভীবাজারের শ্রমিকরা কমলগঞ্জের পাত্রখলা চা বাগান থেকে অংশ নেবেন। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, পাত্রখলা চা বাগানের সবুজ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, পাত্রখলা ছাড়াও জেলার সাতটি উপজেলায় তিনটি করে ২১টি চা বাগানের কাছে বড় প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্প্রচার করা হবে। এতে চা শ্রমিক ইউনিয়ন, ভ্যালি ও পঞ্চায়েত কমিটির নেতাসহ হাজারখানেক শ্রমিকের সমাবেশ ঘটবে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সাথে কথা বলবেন শুনে চা-শ্রমিকরা উচ্চসিত। প্রধানমন্ত্রী শেখ হাসনিা আমাদেরকে গুরুত্ব দেয়ায় আমরা খুব খুশি।
চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা বলেন, প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন বলেই চা শ্রমিকরা নতুন মজুরিতে কাজে গিয়েছে। শ্রমিকরা অনেক খুশি, তারা কথা বলার জন্য অধির আগ্রহে বসে আছে।
দীর্ঘ ২০ দিন ধর্মঘট পালনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০ টাকা বৃদ্ধি করেন। এতে চা শিল্পের অচলাবস্থা কাটে। এরপর ধর্মঘট প্রত্যাহারের পাশাপাশি সরকার প্রধানের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে চা শ্রমিকরা। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল শনিবার চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন।










