কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ পেঁচারঘোনায় এ ঘটনা ঘটেছে। নিহত ট্রলার মাঝি আব্দুল গফুর (৪৫) ওই এলাকার পেঠান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলার মাঝি আবদুল গফুর। সকালে মাঝিমাল্লারা সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিলেন। এ সময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকির একপর্যায়ে মাঝি আব্দুল গফুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় গফুর মাঝিকে লাঠি দিয়ে নুর মোহাম্মদ মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই আবদুল গফুরের মৃত্যু হয়েছে। হামলাকারী জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দুর সালামের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, তুচ্ছ ঘটনাটি কথা কাটাকাটির জেরে ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।










