বিএনপির সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফরকারী প্রতিনিধি দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল এ বৈঠক হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এতে মূল্য সংযোজন করের (ভ্যাট) সমন্বয় এবং হ্রাস বা বিলোপের নতুন কারিগরি সহায়তার (টিএ) মতো বিষয়গুলোয় দুই পক্ষ গুরুত্বারোপ করে মতামত দেয়।

বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয়গুলো ছিল মূল্য সংযোজন করের সমন্বয় (হরমোনাইজেশন) এবং ছাড় (এক্সেপশন) হ্রাস বা বিলোপের নতুন কারিগরি সহায়তা, করপোরেট কর বাড়ানোর মাধ্যমে কর রাজস্ব-জিডিপি অনুপাত উন্নত করা, ব্যাংক খাতের সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি। বিএনপির নীতি-অগ্রাধিকারের অংশ হিসেবে বৈঠকে তা বিশেষভাবে উপস্থাপিত হয়।

বিএনপি প্রতিনিধি দল জোর দিয়ে উল্লেখ করে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়। আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে।

বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিও। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি প্রতিনিধি দলে এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার এবং বিএনপির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।