আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১ ও চট্টগ্রাম-৪ আসনে নতুন ভাবে মনোনয়ন দেয়া হয়। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে এ মনোনয়ন দেয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপ্রাপ্ত দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে নতুন মনোনয়ন দেয়া হয়েছে সাঈদ আল নোমানকে। চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে দলটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
সীতাকুন্ডে এক মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, আমার ওপর দল যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এ আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করব। সেই সঙ্গে আপনাদেরও সব মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।









