নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বারদি বাজার এলাকা থেকে রাকিব ও মোশারফ হোসেন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানউল্লাহ। আজ তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর কথা রয়েছে।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী একটি মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসায় যাওয়ার পথে প্রায়ই রাকিব ও মোশারফসহ কয়েকজন তাকে উত্ত্যক্ত করতেন। তাদের প্রস্তাবে সাড়া না দেয়ায় ‘বড় ধরনের ক্ষতি’ করার হুমকিও দিয়েছিল বখাটেরা। এক পর্যায়ে কিশোরী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।
গত ১ নভেম্বর রাতে ওই ছাত্রী পরিচ্ছন্নতার জন্য বাইরে বের হলে রাকিবের নেতৃত্বে শাকিল ও মোশারফ তার মুখ চেপে ধরে পাশ্ববর্তী দৌলরদী ছাগইল্লাপাড়ায় শাকিলের বাড়িতে নিয়ে যায়।
সেখানে তাকে একটি ঘরে আটকে রেখে তিনজন পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
তবে পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে খুলে বলে। এলাকার গণমান্যদের জানালেও তারা বিষয়টি মীমাংসা করতে গড়িমসি করে। শেষে শুক্রবার সন্ধ্যায় তিনজনকে আসামি করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মেয়েটির বাবা। ওইদিন সন্ধ্যায়ই পুলিশ বারদি বাজার থেকে দুজনকে গ্রেফতার করে।










