রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরিত হয়ে অন্তত দুজন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনসিপির ভাষ্যমতে, গতকাল রাত ১০টা ৪০ মিনিটে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ককটেল হামলার ঘটনা ঘটে। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬ তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয়ের নিচে নামলে তাকে ঘিরে ৫০-৬০ জন লোক ছিলেন। বাংলামোটর মোড়ে সিগন্যাল ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হাইয়েস গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ করে একটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেল ছোড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি টান দিয়ে চলে যায়।

ককটেলটি সরাসরি কারো গায়ে লাগেনি। তবে ককটেল বিস্ফোরিত হয়ে এনসিপির শ্রমিক উইংয়ের সংগঠক শফিকুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সুমন হোসেন আহত হয়েছেন। এছাড়া এনসিপি কার্যালয়ের কর্মচারী মনিরও সামান্য আহত হন।