নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শিমরাইলের আমিরুন্নেছা সুপার মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় দোকান থেকে বিভিন্ন মডেলের ১৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ১১৪টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
গ্রেফতারকৃত কামরুল হাসান রিপন (২০) চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাশিমপুর এলাকার মো. মজিবর পাটোয়ারীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোন বিক্রি করে আসছিল। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৩২টি স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের আরো ৮ থেকে ১০ জন সদস্য জড়িত রয়েছে বলে স্বীকার করেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনসেটগুলোর বর্তমান বাজারমূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।









