বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টোহরি বাজারে গতকাল এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-১ আসনে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করে মির্জা ফখরুল বলেন, ‘আমার বয়স ৭৮। এ বয়সেও আমি মনের দিক থেকে তরুণ আছি এবং বিশ্বাস করি, এ বয়সেও অনেক কাজ করতে পারব। ১৯৯১ সাল থেকে এ আসনে অনেকবার নির্বাচন করেছি আমি। কখনো হেরেছি, কখনো জিতেছি। হারলেও আপনাদের ছেড়ে যাইনি।’ সুযোগ পেলে নিজের নির্বাচনী এলাকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘তারা কোনোদিন ক্ষমতায় যায়নি। ফলে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয় তারা জানে না। বিএনপি অতীতে ক্ষমতায় ছিল এবং কাজ করার অভিজ্ঞতা আছে। তাই এলাকার উন্নয়ন করতে হলে আমাদের সমর্থন দিতে হবে। আর এ উন্নয়ন বিএনপি ছাড়া সম্ভব নয়।’

বিএনপি ক্ষমতায় গেলে জনসাধারণ, বিশেষ করে মা-বোনদের ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষি কার্ড দিয়ে উন্নত জীবনমান নিশ্চিত করবে বলে উল্লেখ করেন দলটির মহাসচিব। বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিএনপির দীর্ঘ সম্প্রীতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছর কেউ ভোট দিতে পারেনি, এখন সেই সুযোগ এসেছে। অতীতে যেভাবে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসাথে সমাজটাকে দেশটাকে গড়েছি, আমরা সেভাবেই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।’